স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম চার আসর দেখা গেছে চ্যানেল নাইনের পর্দায়। সিলেটে ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পঞ্চম আসর দেখা যাবে গাজী টিভি ও মাছরাঙা টিভিতে। চ্যানেল বদলের সঙ্গে বদলেছে প্রোডাকশন টিমও। ভারতীয় প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস প্রোডাকশন টিমের মাধ্যমে পর্দায় আসবে বিপিএলের ম্যাচ। সামগ্রিক পরিবেশনায় চমক আর নতুনত্ব আনার কথা বলছে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হচ্ছে হক-আই প্রযুক্তি। আগের চেয়ে উন্নত গ্রাফিক্স থাকবে বলেও জানা গেছে। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কারিগরি কাজ করার সময় টোটাল স্পোর্টসের কর্মকর্তারা জানান, বিপিএলের পুরনো উপস্থাপিকাদের ছেঁটে নতুনভাবে শুরু করতে চান তারা।
লম্বা সময় বিপিএল সঞ্চালনা করা ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান ও আমব্রিন এবার থাকছেন না। উপস্থাপনা করবেন সামিয়া আফরিন, মারিয়া নূর এবং জান্নাতুল পিয়া। সামিয়া ও মারিয়াকে টিভি স্টুডিওতে দেখা গেলেও মাঠের বিষয়টি দেখভাল করবেন পিয়া। তার সঙ্গে থাকবেন একজন রাশিয়ান। বিপিএল আয়োজক কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানায়।
ম্যাচের ধারাভাষ্যেও আসছে চমক। ধারাভাষ্যে থাকছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আমির সোহেল। তার সঙ্গে থাকবেন আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী।
সূত্র : http://bdexpress.uodoo.com/detail/329161785958580?

No comments:
Post a Comment